রবি ও এয়ারটেল অ্যাপে পিন ছাড়াই বিকাশ পেমেন্টে রিচার্জ সুবিধা চালু
পোস্ট করেছেন bKash Limited
১১ জুলাই ২০২৬ | ৩ মিনিটের পাঠ্য
ঢাকা, ১২ এপ্রিল ২০২৫: এখন মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপে বিকাশ অ্যাকাউন্টকে যুক্ত করে গ্রাহকরা পিন ছাড়াই নিরবচ্ছিন্নভাবে টক-টাইম, ইন্টারনেটসহ অন্যান্য সেবার পেমেন্ট করতে পারছেন। পাশাপাশি, ‘পছন্দের পেমেন্ট পার্টনার’ হিসেবেও বিকাশ-কে যুক্ত করা হয়েছে মাই রবি ও মাই এয়ারটেল অ্যাপ দুটিতে। এছাড়া, বিকাশ অ্যাপ থেকেও পছন্দমতো রবি’র ‘ইজি প্ল্যান’ ও এয়ারটেল-এর ‘মাই প্যাক’ কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকরা।
এদিকে, ‘মাই রবি’ অ্যাপ থেকেই বিকাশ অ্যাকাউন্ট খোলার সেবাও সম্প্রতি শুরু হয়েছে ।
উদ্ভাবনী এই সেবাগুলো গ্রাহকদের ডিজিটাল লাইফস্টাইলকে আরও স্বাচ্ছন্দ্যদায়ক, নিরাপদ ও ঝামেলাহীন করে তুলবে। গ্রাহকরা বিকাশ-কে একবার পছন্দের পেমেন্ট অপশন হিসেবে যুক্ত করে নিলে ওটিপি বা পিন ছাড়াই ওয়ান-ক্লিকে ডিজিটাল কনসেন্ট (সম্মতি) দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পেমেন্ট সম্পন্ন করতে পারবেন। পাশাপাশি, বিকাশ অ্যাপের ‘আমার বিকাশ’ অপশন এ রবি ও এয়ারটেল গ্রাহকরা রবি’র ‘ইজি প্ল্যান’ ও এয়ারটেল-এর ‘মাই প্যাক’ থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী অফার বেছে নিতে পারবেন।
এছাড়া, এখন ‘মাই রবি’ অ্যাপ থেকেই সহজে ও নির্বিঘ্নে বিকাশ অ্যাকাউন্ট খুলতে পারবেন রবি গ্রাহকরা। ‘মাই রবি’ অ্যাপের ‘সার্ভিস’ সেকশনে এখন থেকে ‘বিকাশ রেজিস্ট্রেশন’ নামে একটি ডেডিকেটেড আইকন থাকবে, যেখানে গ্রাহকরা মাত্র এক ক্লিকেই বিকাশ-এর গ্রাহক নিবন্ধন প্রক্রিয়া শুরু করতে পারবেন। কিছু ভেরিফিকেশন ও সম্মতির পর গ্রাহকের জন্য বিকাশ নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়ে যাবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপগুলি অনুসরণ করে ই-কেওয়াইসি (ইলেকট্রনিক নো ইওর কাস্টমার) প্রক্রিয়াটি পূরণ করতে হবে।
যোগাযোগ
নাম: রুখসানা মিলি
পদবি: জিএম, কর্পোরেট কমিউনিকেশনস, বিকাশ
ফোন: +৮৮০১৮৪১২৩৪৩৬৩
ইমেইল: [email protected]
রবি সম্পর্কে:
রবি আজিয়াটা লিমিটেড (‘রবি’) একটি পাবলিক লিমিটেড কোম্পানি যেখানে এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি মালয়েশিয়াভিত্তিক আজিয়াটা গ্রুপ বারহাদের সিংহভাগ মালিকানা (৬১.৮২%) রয়েছে। এছাড়া রবিতে পাবলিক শেয়ারহোল্ডারদের (১০%) পাশাপাশি বিশ্ব টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি ভারতী এয়ারটেলের (ভারত) শেয়ার রয়েছে ২৮.১৮%। রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। দেশের মানুষের জন্য প্রতিনিয়ত নতুন নতুন ডিজিটাল সেবা আনছে কোম্পানিটি। দেশের প্রতিটি প্রান্তে উদ্ভাবনী সেবা পৌঁছে দেয়ার উদ্দেশে রবি অব্যাহত বিনিয়োগের মাধ্যমে শক্তিশালী টেলিযোগাযোগ অবকাঠামো গড়ে তুলেছে। দেশজুড়ে থাকা এ অবকাঠামো ডিজিটাল পণ্য ও সেবা সরবরাহের পাশাপাশি ক্রমবর্ধমান ডিজিটাল প্রতিবেশ গড়ে তুলতে মুখ্য ভূমিকা পালন করছে। শহর কিংবা গ্রাম যেখানেই হোক রবির হাত ধরে ডিজিটাল বাংলাদেশের পথে হাটছে দেশবাসী।
বিকাশ সম্পর্কে:
ব্র্যাক ব্যাংক, যুক্তরাষ্ট্র ভিত্তিক মানি ইন মোশন এলএলসি, বিশ্ব ব্যাংক গ্রুপের অন্তর্গত ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন, গেটস ফাউন্ডেশন, অ্যান্ট ইন্টারন্যাশনাল এবং জাপানের সফটব্যাংক ভিশন ফান্ড-এর যৌথ মালিকানাধীন প্রতিষ্ঠান বিকাশ, ২০১১ সাল থেকে বাংলাদেশ ব্যাংক নিয়ন্ত্রিত পেমেন্ট সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে বিভিন্ন ধরনের ডিজিটাল আর্থিক সেবা দিয়ে আসছে।