অনলাইন গেমের নামের অবৈধ জুয়া খেলবেন না, সব হারাবেন! | বিকাশ

অনলাইন গেমের নামের অবৈধ জুয়া খেলবেন না, সব হারাবেন!

সব হারাবেন!

 

অবৈধ জুয়া বা বেটিং খেললে আপনার পরিবার তো ধ্বংস হবেই, হবে সম্মানহানি ও জেল-জরিমানা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী অনলাইন জুয়া/বেটিং একটি দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য ২ বছর পর্যন্ত কারাদণ্ড, বা ১ কোটি  টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় হতে পারে।

অবৈধ অনলাইন জুয়া/বেটিং থেকে দেশের মানুষকে সচেতন করতে বাংলাদেশ ব্যাংক, সিআইডি – বাংলাদেশ পুলিশ এবং বিকাশ যৌথভাবে একটি বিশেষ জনসচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করেছে। আমরা চাই যুবসমাজ ও সাধারণ মানুষ অবৈধ অনলাইন জুয়া/বেটিং-এর ক্ষতি নিয়ে জানুক এবং এ থেকে দূরে থাকুক।

প্রয়োজনে কল করুন সিআইডি (বাংলাদেশ পুলিশ) হটলাইন: 01320 010146, 01320 010147, 01320 010148

 

১. চেনার উপায়: গেম নাকি জুয়া?

জুয়া/বেটিং বলতে বোঝায় এমন কোনো খেলা, প্রতিযোগিতা বা ঘটনার উপর টাকা বা মূল্যবান কিছু ঝুঁকিতে রাখা, যার ফলাফল আগে থেকে নিশ্চিত নয় এবং যা মূলত ভাগ্যের উপর নির্ভরশীল। এর উদ্দেশ্য আর্থিক লাভ বা কোনো ধরনের সুবিধা অর্জন করা। অনলাইন জুয়া/বেটিং বলতে ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন ডিজিটাল ডিভাইস ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়া বা বেটিং খেলার কার্যক্রমকে বোঝায়। এতে মোবাইল, কম্পিউটার বা অন্যান্য সংযুক্ত ডিভাইসের মাধ্যমে ডিজিটাল নেটওয়ার্কে অংশগ্রহণ করা হয়।অনলাইন জুয়া বা বেটিং অ্যাপগুলো অত্যন্ত কৌশলী। এরা সরাসরি নিজেদের ‘জুয়া’ বলে পরিচয় দেয়না। বরং বিভিন্ন ছদ্মবেশে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে।

  • ভুল নাম ও পরিচয়: অ্যাপগুলো নিজেদের ‘স্কিল গেম’, ‘ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম’ বা ‘ট্রেডিং’ হিসেবে প্রচার করে।
  • আকর্ষণীয় অফার: "ঘরে বসে আয়", "আয় হবে বেশি বেশি", "সাইন আপ করলেই বোনাস" বা "ভিআইপি অফার"-এর মতো লোভনীয় শব্দ ব্যবহার করে তরুণদের আকৃষ্ট করা হয়।
  • প্রচারণা: ফেসবুক, ইউটিউব, টিকটক-সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়া, অ্যাপ ও টেলিভিশন মিডিয়াতে আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে এর প্রসার করা হয়, যা তরুণদের বিভ্রান্ত করছে।

 

২. মনস্তত্ত্ব: কেন মানুষ এতে আসক্ত হয়?

একজন মানুষ কেন সব হারিয়েও বারবার অনলাইন জুয়া বা বেটিংয়ে ফিরে আসে? এর পেছনে কাজ করে গভীর মনস্তাত্ত্বিক কারণ:

  • রাতারাতি অর্থলাভের স্বপ্ন: পরিশ্রম ছাড়াই দ্রুত টাকা কামানোর লোভ মানুষকে অন্ধ করে দেয়। তারা মনে করে, "আজ হারলেও কাল ঠিকই জিতবো"।
  • অল্পের জন্য মিস: জুয়া ও বেটিংয়ের অ্যাপগুলো এমনভাবে সেট করা থাকে যে, আপনি প্রায়ই দেখবেন আপনি জেতার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। এটি জয়ের মতোই উত্তেজনা তৈরি করে এবং আপনাকে পুনরায় বাজি ধরতে বাধ্য করে।
  • নেশায় আসক্ত: অনেকে হতাশা, বেকারত্ব বা পারিবারিক সমস্যা থেকে পালানোর জন্য অনলাইন জুয়া বা বেটিংকে বিনোদন হিসেবে বেছে নেয়, যা পরে নেশায় পরিণত হয়।

 

৩. ভয়াবহ পরিণতি: সব হারাবেন!!

এই অনলাইন জুয়া বা বেটিংয়ের শেষ পরিণতি কেবলই অন্ধকার।

  • সামাজিক প্রভাব: সহজে এক্সেস নেওয়া যায় এমন অনলাইন ও অবৈধ প্ল্যাটফর্মের কারণে তরুণ ও কর্মক্ষম মানুষ (বিশেষ করে ১৪ - ৩৫ বছর বয়সীরা) সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। অনেক ক্ষেত্রে এটি আসক্তিতে পরিণত হয়, যার ফলে আর্থিক সংকট, মানসিক চাপ এবং পড়াশোনা, কর্মজীবন ও ভবিষ্যত সুযোগে দীর্ঘমেয়াদি ক্ষতি হয়।
  • অর্থনৈতিক প্রভাব: অনলাইন জুয়ার কারণে অনেক মানুষ সময়, মনোযোগ ও অর্থ ব্যয় করছে এমন কাজে, যা শিক্ষা, দক্ষতা উন্নয়ন বা উপার্জনমূলক কাজে লাগানো যেত। এতে কর্মক্ষমতা কমে যায়, উৎপাদনশীলতা হ্রাস পায় এবং দেশের টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়।
  • আর্থিক ক্ষতি: জুয়া/বেটিংয়ে জড়িত থাকার ফলে বারবার অর্থ হারানোর ঝুঁকি থাকে। এতে অনেক সময় ঋণ বেড়ে যায়, ধার নিয়ে বা অবৈধ উপায়ে টাকা জোগাড়ের প্রবণতা তৈরি হয়। এর প্রভাব পড়ে পরিবারে, বাড়ে সামাজিক অনিশ্চয়তা ও দুর্বলতা।
  • অন্যান্য অপরাধের সঙ্গে সম্পৃক্ততা: সামাজিক পর্যায়ে জুয়া/বেটিং প্রতারণা, চুরি, জালিয়াতি ও বিশ্বাস ভঙ্গের মতো অপরাধ বাড়িয়ে দেয়। অনেক সময় হারানো টাকা ফেরত পাওয়ার আশায় বা জুয়া চালিয়ে যাওয়ার জন্য মানুষ এসব অপরাধে জড়িয়ে পড়ে।
  • দেশের বৈদেশিক মুদ্রা তহবিলের ওপর প্রভাব: অবৈধ ও নিয়ন্ত্রণহীন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ পাচার ও দেশের বাইরে টাকা চলে যাওয়ার ঝুঁকি বাড়ে। এর ফলে দেশের আর্থিক স্বচ্ছতা নষ্ট হয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যায় এবং জাতীয় অর্থনীতির স্থিতিশীলতা হুমকির মুখে পড়ে।

 

৪. আইনি সতর্কতা: ডিজিটাল অপরাধ ও শাস্তি

অনেকেই ভাবেন, "মোবাইলে খেলছি, পুলিশ আমাকে ধরবে কীভাবে?" এই ধারণা সম্পূর্ণ ভুল।

  • ডিজিটাল ফুটপ্রিন্ট: প্রতিটি অনলাইন লেনদেন এবং ইন্টারনেট ব্যবহারের তথ্য ট্র্যাক করা সম্ভব। সাইবার ক্রাইম ইউনিট এবং সিআইডি আধুনিক প্রযুক্তির মাধ্যমে অপরাধীদের শনাক্ত করতে সক্ষম।
  • কঠোর শাস্তি: বাংলাদেশে অনলাইন জুয়া সম্পূর্ণ অবৈধ। সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫–এর ধারা ২০(১) অনুযায়ী অনলাইন জুয়া/বেটিং একটি দণ্ডনীয় অপরাধ। এই ধারা অনুযায়ী, যদি কোনো ব্যক্তি জুয়া/বেটিংয়ের জন্য কোনো ওয়েবসাইট, অ্যাপ বা ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি, পরিচালনা বা ব্যবস্থাপনা করেন অথবা অনলাইন জুয়া/বেটিংয়ে অংশগ্রহণ করেন; জুয়া/বেটিংয়ে সহায়তা করেন, উৎসাহ দেয় বা প্রচার করেন, যার মধ্যে বিজ্ঞাপন, প্রচারণা বা যেকোনোভাবে (সরাসরি বা পরোক্ষভাবে) জুয়ার তথ্য ছড়িয়ে দেয়, তাহলে তিনি এই আইনের আওতায় অপরাধ করেছেন বলে গণ্য হবেন। ধারা ২০(১) অনুযায়ী, এই অপরাধের জন্য ২ বছর পর্যন্ত কারাদন্ড, অথবা ১০,০০০,০০০/- (এক কোটি বাংলাদেশি টাকা) পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

 

৫. অনলাইন জুয়া/বেটিং থেকে নিজে ও অন্যদের কীভাবে নিরাপদ রাখা যায়?

  • অন্যদের অনলাইন জুয়া/বেটিংয়ে ফাঁদে পা না দেওয়ার জন্য, ব্যক্তি পর্যায়ে সতর্ক থাকা উচিত এবং পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং সমাজের অন্যান্য ব্যক্তিবর্গকে এই ধরনের কার্যকলাপে জড়িত হওয়া থেকে সক্রিয়ভাবে নিরুৎসাহিত করা উচিত। যদি কেউ জড়িত থাকে, তাহলে সময়মতো নির্দেশনা প্রদান, সচেতনতা বৃদ্ধি এবং তাড়াতাড়ি পদক্ষেপ নেওয়া যাতে আরো ঝুঁকিতে যাবার আগে এতে অংশ নেওয়া বন্ধ করতে সাহায্য করতে পারে। একই সাথে, ব্যক্তিদের অনলাইন বা অফলাইনে আর্থিক ঝুঁকি জড়িত সুযোগ-ভিত্তিক কার্যকলাপে অংশগ্রহণ করা এড়িয়ে চলা উচিত, কারণ এই ধরনের কার্যকলাপ থেকে দূরে থাকা ব্যক্তিগত আর্থিক সুরক্ষায় সহায়তা করে এবং আসক্তির ঝুঁকি হ্রাস করে।
  • সেইসাথে অনলাইন জুয়া/বেটিংয়ের বিরুদ্ধে বিকাশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করে। এই অঙ্গীকার বিকাশ-এর এএমএল/সিএফটি নীতিমালায় স্পষ্টভাবে উল্লেখ আছে, যা পরিচালনা পর্ষদ কর্তৃক অনুমোদিত। একই সাথে, প্রতি বছর সিইও–এর আনুষ্ঠানিক অঙ্গীকারের মাধ্যমেও এই অবস্থান আরো দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করা হয়।

 

আপনার প্রতি আহ্বান

আপনার একটি ভুল সিদ্ধান্ত ধ্বংস করে দিতে পারে আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ।

  • লোভনীয় অফারের ফাঁদে পা দেবেন না।
  • সন্তান বা পরিবারের সদস্যরা মোবাইলে দীর্ঘক্ষণ কী করছে, তার খোঁজ রাখুন ।
  • জুয়া বা বেটিং সংক্রান্ত কোনো তথ্য পেলে অবিলম্বে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

 

আসুন, আজই প্রতিজ্ঞা করি—অনলাইন গেমের নামে অবৈধ জুয়া খেলবো না। নিজেকে বাঁচালে, বাঁচবে পরিবার, বাঁচবে দেশ।

 

জনসচেতনতায়:

  • বাংলাদেশ ব্যাংক
  • সিআইডি, বাংলাদেশ পুলিশ
  • বিকাশ

 

 

সার্ভিসেস
হেল্প